বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার

আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৪:৫৭
 
দেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
 
মঙ্গলবার বিমানবন্দরের নিরাপত্তা বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সঙ্গে বৈঠকের পর বিমান সদরদপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।
 
রাশেদ খান মেনন বলেন, দেশের এভিয়েশন সিকিউরিটি জোরদার করা হয়েছে। কেবল আন্তর্জাতিক বিমানবন্দরেই নয়, সব অভ্যন্তরীণ বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
 
বাংলাদেশ থেকে যুক্তরাজ্য, জার্মানি ও অস্ট্রেলিয়ার সরাসরি কার্গো ফ্লাইট পরিবহনে নিষেধাজ্ঞা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ সিদ্ধান্তগুলো ছিলো রাজনৈতিক। একই কায়দায় জিএসপি বাতিলের সিদ্ধান্তও রাজনৈতিক।
 
তিনি বলেন, সিভিল এভিয়েশন অথরিটি সাতটি দেশের ডিপ্লোম্যাটদের সঙ্গে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা বিষয়ে বৈঠক করবে। এছাড়া, বিদেশে বাংলাদেশের সব দূতাবাসকেও বিমানবন্দরের নিরাপত্তা বিষয়ে সবাইকে নিশ্চয়তা দেওয়ার কথা বলার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
 
গুলশান ও শোলাকিয়ায় হামলার বিষয়ে মেনন বলেন, যে বহিঃশক্তি দীর্ঘদিন ধরে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছিলো এই দুই হামলার ঘটনায় তারা কিছুটা সফল হয়েছে। এতে আমরা একটু ব্যাকফুটে আছি।
 
এই বর্হিশক্তি কারা?-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যাদের দেশে সবসময় খুন-হত্যা-সন্ত্রাস চলছে তারা। এরা এখন আমাদের দেশে এসে নাক গলাচ্ছে।
 
জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় সবাইকে সচেতন হতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী।