অলিম্পিক থেকে ছিটকে গেলেন ব্রাজিলের কস্তা

আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৫:৩৬
ঊরুর চোটের কারণে ব্রাজিলের অলিম্পিক দল থেকে সরে দাঁড়িয়েছেন বায়ার্ন মিউনিখের উইঙ্গার ডগলাস কস্তা। বাঁ ঊরুর চোটের কারণে কোপা আমেরিকার শতবর্ষী আসরেও খেলতে পারেননি ২৫ বছর বয়সী কস্তা।
 
রিও দে জেনিরো অলিম্পিকে কস্তা খেলতে পারবেন না বলে দু:খ প্রকাশ করেন বায়ার্নের সভাপতি কার্ল-হেইঞ্জ রুমেনিগে। আমরা সবাই চেয়েছিলাম ডগলাস তার দেশের মাটির অলিম্পিক গেমসে খেলুক, কিন্তু খেলোয়াড়ের স্বাস্থ্য আর ফিটনেস সবার আগে।
 
অলিম্পিক ফুটবলে সাধারণত অনূর্ধ্ব-২৩ দল খেলে থাকে, তবে কোনো দলের কোচ চাইলে তিন জন বেশি বয়সী খেলোয়াড় নিতে পারেন। অধিনায়ক নেইমার ও পালমেইরাসের গোলরক্ষক ফের্নান্দো প্রাসের সঙ্গে ব্রাজিল দলে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে ছিলেন কস্তা।
 
আগামী ৫ অাগস্ট এবারের অলিম্পিকের উদ্বোধন হবে। তবে ফুটবলে সোনার লড়াই শুরু হয়ে যাবে ৪ অগাস্ট। একই দিন ব্রাজিলিয়ায় স্তাদিও নাসিওনাল মানে গারিঞ্চাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্বাগতিক ব্রাজিলের অভিযান। গোল.কম।