সন্তানদের প্রতি সচেতন থাকতে বললেন প্রবাসী কল্যাণমন্ত্রী

আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৫:৪১
 
সন্তানদের প্রতি সচেতন থাকতে পিতা-মাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। মঙ্গলবার ঢাকার ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই আহ্বান জানান।
 
নুরুল ইসলাম বিএসসি বলেছেন, প্রত্যেক পিতা-মাতাকে সচেতন হতে হবে। তাদের সন্তানরা কে কি করছে, কার সাথে মিশছে তার খোঁজ-খবর রাখতে হবে। নিখোঁজ সন্তানদের পিতা-মাতার উচিত থানায় ডায়েরি করা। পিতা-মাতা যদি থানায় সন্তান নিখোঁজের ডায়েরি না করে, তাদের সন্তানের ভবিষ্যত্ কর্মকাণ্ডের দায়ভার তাদেরকেই নিতে হবে।
 
তিনি বলেন, নুরুল ইসলাম বিএসসি জঙ্গি প্রতিরোধে প্রত্যেককে যার যার কর্মস্থল, পাড়া-প্রতিবেশি, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
 
মন্ত্রী বলেন, কোমলমতি তরুণদের বিপদগামী করার মাধ্যমে জঙ্গিরা এ দেশকে অকার্যকর বানাতে চায়। অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী এদেশের জনগণ জঙ্গিদের প্রতিরোধ করবেই। আর এজন্য প্রয়োজন জনসচেতনতা।
 
তিনি আরো বলেন, সম্প্রতি ঢাকার গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়াতে সংঘটিত জঙ্গি হামলা আর যাতে না হতে পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী এবং মন্ত্রণালয়ের অধীনস্থ দফতরসমূহের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।