ইতিহাসে প্রথমবারের মতো বড় কোনো বৈশ্বিক শিরোপা। তাই উদযাপনও বাঁধভাঙা। পর্তুগালের এমন অর্জনে পুরো দেশে বইছে আনন্দের জোয়ার। আর এই অর্জন এনে দেয়া বীরদের সংবর্ধনাও জানালো রাজকীয়ভাবে।
সোমবার শিরোপা জিতে দেশে ফেরে পর্তুগাল। আর দেশে ফিরেই একের পর এক অভ্যর্থনা পেতে থাকেন রোনালদো-ন্যানিরা। তাদের বিমান মাটিতে নামার সঙ্গে সঙ্গেই লাল ও সবুজ পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হয়। পরে লিবসনে হাজার হাজার সমর্থক জড়ো হয়ে সংবর্ধনা জানায় দলটিকে। এর পর খোলা বাসে দলের ফুটবলাররা পুরো শহর ঘুরে বেড়ান।
ইউরোর ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে কাঁদিয়ে শিরোপা উৎসবে মাতে পর্তুগাল। অতিরিক্ত সময়ে এডারের গোলে জিতে আসরে চমক দেখায় ফার্নান্দো সান্তোসের শিষ্যরা।
এর আগে ২০০৪ সালে ফাইনালে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিলো লুইস ফিগোদের। সেবার ফেভারিট হয়েও গ্রিসের কাছে হেরে বসে পর্তুগিজরা। তবে এবারের আসরে শেষ পর্যন্ত ট্রফিতে চুমু খায় দলটি।
