গণসম্পৃক্ততার মাধ্যমে জঙ্গিবাদ মোকাবেলা করা হবে: প্রধানমন্ত্রী

আপডেট : ১২ জুলাই ২০১৬, ২০:২৯
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়ে কমিটি গঠন করে জঙ্গিদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবন থেকে চার বিভাগের ৩২টি জেলার প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে একথা বলেন তিনি।
 
জেলা প্রশাসনের পক্ষ থেকে জঙ্গিবাদবিরোধী কমিটি গঠনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গণসম্পৃক্ততার মাধ্যমে জঙ্গিদের মোকাবেলা করা হবে। জনগণের শক্তিই বড় শক্তি বলে উল্লেখ করেন তিনি। শুধু তাই নয়, বিভ্রান্তির পথে চলে যাওয়া অভিভাবকদের আহ্বান জানান নিজেদের সন্তানের বিষয়ে প্রশাসনকে অবগত করতে। প্রয়োজন হলে তাদের চিকিৎসা করে সঠিক পথে ফিরিয়ে আনা হবে। 
 
প্রধানমন্ত্রী আরো বলেন, বিত্তবানের সন্তানেরা কেন জঙ্গিবাদের পথে যাচ্ছে সেটা খতিয়ে দেখা হবে। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।