স্বামীর নির্যাতন সইতে না পেরে গায়ে আগুন দিয়ে ছাবিলা খাতুন (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার দুপুরে উল্লাপাড়া উপজেলার খাদুলী গ্রামে ঘটনা ঘটে। ছাবিলা এই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
ছাবিলার বাবা একই উপজেলার চকপাঙ্গাসী গ্রামের ছাইদার আলী অভিযোগ করেছেন, তার জামাতা শহিদুল ইসলাম মোটরসাইকেলে যাত্রী পরিবহন করে। মাস ছয়েক আগে সে ঋণ করে মোটরসাইকেল কেনে। এই ঋণের টাকা (দেড় লাখ) পরিশোধ করতে সে স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য বার বার চাপ দেয়। ছাবিলা টাকা এনে না দেয়ায় তাকে প্রায়ই নির্যাতন করত স্বামী। অবশেষে ছাবিলা শোবার ঘরে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক কাওছার আলী জানান, ছাবিলার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।
