জামালপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস্ ফোরাম—মুক্তিযুদ্ধ’৭১। জামালপুর রেল স্টেশনের রেলওয়ে পুলিশের কয়েকজন সদস্য ১১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা আব্দুল বারীকে আঘাত করার ফলে গতকাল সোমবার তাঁর মৃত্যু হয়।
সেক্টর কমান্ডারস্ ফোরাম এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানায় এবং পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনসহ অবিলম্বে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানায়।
ফোরাম মনে করে, মুক্তিযুদ্ধের আত্মত্যাগী বীর সৈনিকদের সঙ্গে আচরণের ক্ষেত্রে যেখানে রাষ্ট্রীয় কর্মকর্তা ও কর্মচারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত্, সেখানে পুলিশের হাতে একজন মুক্তিযোদ্ধার মৃত্যু ক্ষমার অযোগ্য। প্রেস বিজ্ঞপ্তি।
