ম্যানচেস্টার ইউনাইটেডের সাফল্যধারা অব্যাহত রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির পর্তুগিজ কোচ হোসে মরিনহো। এর আগে প্রতিপক্ষ হিসেবে ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে অনেক জয় পেয়েছেন তিনি। এবার তিনি ইংল্যান্ডের অন্যতম সফল এই ক্লাবেরই দায়িত্বে। স্বাগতিক হিসেবেও সেই সাফল্যধারা ধরে রাখতে প্রত্যয়ী এই পর্তুগিজ কোচ।
তিনি বলেন, ‘প্রথমবার এই মাঠে কোচ হিসেবে আসাটা আমার জন্য আসলে স্বপ্ন ছিল কারণ, এটা পোর্তোর হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে ছিল। ওল্ড ট্র্যাফোর্ডে আমরা শেষ মিনিটে একটি গোল করেছিলাম এবং আমার আর দেশের জন্য ইতিহাস গড়েছিলাম।’
মরিনহো বলেন, ‘আমি পোর্তোর হয়ে এটা করেছি, এই মাঠে আমি চেলসির হয়ে জিতেছি, রিয়াল মাদ্রিদকে নিয়ে জিতেছি, তাই ঘরের মাঠে সমর্থকদের পাশে নিয়ে আমি কেন এটা ম্যান ইউনাইটেডের হয়ে করতে পারব না? আমি এর জন্য অপেক্ষা করছি।’
'থিয়েটার অব ড্রিমস' নামে পরিচিত ওল্ড ট্র্যাফোর্ডের ডাগআউটে মরিনহো প্রথম দাঁড়িয়েছিলেন এফসি পোর্তোর হয়ে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর সেই ম্যাচে ইউনাইটেডের সঙ্গে ড্র করেছিল তার দল। স্বদেশের ক্লাব পোর্তোকে সেবার ইউরোপ সেরার শিরোপা জিতিয়েছিলেন তিনি।
এরপর চেলসি আর রিয়াল মাদ্রিদের হয়ে ওল্ড ট্র্যাফোর্ড থেকে ইউনাইটেডের বিপক্ষে জয় নিয়ে ফেরেন মরিনিহো। ইউনাইটেড সমর্থকদের মরিনিয়ো প্রতিশ্রুতি দিলেন, ওল্ড ট্র্যাফোর্ডকে নিয়ে সুখের স্মৃতি অব্যাহত থাকবে তার।
ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা প্রিমিয়ার লিগের ২০ বারের চ্যাম্পিয়ন ইউনাইটেড গত মৌসুমে পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করে। রেড ডেভিলদের এই পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছিলেন তিনি। দলটিকে সাফল্যের পথে ফেরানোটাই হবে স্বঘোষিত 'স্পেশাল ওয়ান' মরিনিহোর চ্যালেঞ্জ।
