জোরদার হচ্ছে সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা

আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৯:১৮
দেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এবং এই সিনিয়র আইনজীবীদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে দেশের বিদ্যমান অবস্থার প্রেক্ষিতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়।
 
বৈঠকে প্রধান বিচারপতি নিরাপত্তা নিশ্চিত করতে যেসব ব্যবস্থা নেয়া হবে তা বাস্তবায়নে আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন। আইনজীবীরাও নিরাপত্তার প্রশ্নে সুপ্রিম কোর্টের নেয়া সকল পদক্ষেপ বাস্তবায়নে সহযোগিতা করতে প্রধান বিচারপতিকে আশ্বস্ত করেছেন।
 
মঙ্গলবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, অ্যাডভোকেট এম মাহবুব আলী প্রমুখ আইনজীবী ছাড়াও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
সম্প্রতি গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় হতাহতের ঘটনায় সুপ্রিম কোর্টের বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণের নিরাপত্তার বিষয়টি নিয়ে সিনিয়র আইনজীবীদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি।
 
বৈঠকে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা সুরক্ষার জন্য বেশকিছু পদক্ষেপ আইনজীবীদের সামনে তুলে ধরা হয়। এর মধ্যে আদালত ভবনের মূল ফটক ছাড়া বিকল্প ফটক (শুধুমাত্র বিচারপতিদের ব্যবহারের জন্য) ব্যবহার না করা, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশরত সকল গাড়ি স্ক্যানিং করা, সুপ্রিম কোর্ট প্রশাসন ও আইনজীবী সমিতির স্টিকার সম্বলিত গাড়ি ছাড়া অন্য কোন গাড়ি অবস্থান না করা, রিকশার প্রবেশ নিষিদ্ধ, আইনজীবীদের ব্যাচ ও আইনজীবী সহকারীগণের সার্বক্ষণিক কার্ড গলায় ঝুলানোর বিষয়টি তুলে ধরা হয়। আইনজীবীরা এসব পদক্ষেপ মেনে চলার বিষয়ে প্রধান বিচারপতিকে সহযোগিতার আশ্বাস দেন।