ধামইরহাটে উদ্ধারকৃত গন্ধগোকুল জাতীয় উদ্যান অবমুক্ত করা হবে

আপডেট : ১২ জুলাই ২০১৬, ২০:৩১
নওগাঁর ধামইরহাট উপজেলায় উদ্ধারকৃত বিরল প্রজাতির গন্ধগোকুল বুধবার সকালে জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
 
গত সোমবার বিকেলে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বিশ্বলাল মুর্মুর কাছ থেকে ধামইরহাট বনবিট কর্মকর্তা প্রাণিটি উদ্ধার করেন।
 
ধামইরহাট বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক জানান, রামচন্দ্রপুর গ্রামের চান্দু মুর্মুর ছেলে বিশ্বলাল মুর্মু সোমবার ভোর রাতে গ্রামের উত্তর দিকে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার একটি জঙ্গল থেকে বিরল প্রজাতির গন্ধগোকুল প্রাণিটি আটক করেন। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে প্রাণিটি উদ্ধার করে বনবিট অফিস হেফাজতে নেয়া হয়েছে।
 
তিনি আরো জানান, চিনি আতপ চালের পোলাও রান্না করলে যে ঘ্রাণ বের হয় গন্ধ গোকুল প্রাণির কাছে গেলে সেই ঘ্রাণ পাওয়া যায়। এই গন্ধ থেকে প্রাণিটি গন্ধগোকুল নিশ্চিত হওয়া গেছে। উদ্ধারের পর মঙ্গলবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে প্রাণিটি বুধবার জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।