উইকিলিকসের কাছে তথ্য ফাঁস করার দায়ে সাজাপ্রাপ্ত মার্কিন সেনা চেলসিয়া এলিজাবেথ ম্যানিং কারাগারে গত সপ্তাহে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন বলে তার আইনজীবীরা বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৩ সালের জুলাইতে ওই অপরাধে তার কোর্ট মার্শাল হয়। এতে তার ৩৫ বছরের সাজা হয়।
চেলসিয়া ম্যানিং একজন ট্রান্সজেন্ডার (তৃতীয় লিঙ্গ)। তিনি যেখানে সাজা ভোগ করছেন সেখানে পুরুষ সেনা সদস্যদের সুবিধা বিদ্যমান। তার আইনজীবীরা অভিযোগ করে বলেন, মার্কিন সামরিক বাহিনী তার গোপনীয়তা প্রকাশ করে বিধি লঙ্ঘন করেছে। এ কারণে তাকে নিজেকে শেষ করে দেওয়ার পথ বেছে নিতে হয়েছে। ম্যানিংয়ের আইনজীবী প্যানেল জানায়, গত সপ্তাহে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। যা হোক, শেষ পর্যন্ত তিনি মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসেন। আইনজীবী প্যানেল আরো জানায়, সাধারণ লোকজন তার সম্পর্কে জানতে চাইবে সেটাই স্বাভাবিক; কিন্তু তিনি যেভাবে কারাগারে কঠোর নজরদারিতে রয়েছেন তা কোনোক্রমেই কাম্য নয়। ম্যানিংয়ের টুইট অ্যাকাউন্ট থেকে গত সোমবার একটি বার্তা দেওয়া হয়। এতে বলা হয়, আমি ঠিক আছি। আমি খুশি যে, আমি এখনো বেঁচে আছি। আমার প্রতি সকলের ভালোবাসার জন্য কৃতজ্ঞ। টুইট অ্যাকাউন্টটি মাঝে মধ্যে তার প্রতিনিধির মাধ্যমে বার্তা পাঠানো হয়। তবে এক্ষেত্রে বিষয়টি তার সঙ্গে ফোনে কথা বলে করা হয়। উল্লেখ্য, ৭ লাখ গোপন ফাইল উইকিলিকসের কাছে ফাঁসের দায়ে তার ওই কারাদণ্ড হয়। তিনি ইরাকে ওই সময়ে গোয়েন্দা বিশেষজ্ঞ ছিলেন। এর আগে তার নাম ছিল ব্রাডলি। পরে তিনি একজন নারী হিসাবে তার জীবন শুরু করেন। সাজা ভোগকালে তিনি মার্কিন সেনা হিসাবেই থাকবেন।
