জার্মানির কোচ থাকছেন লো

আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১১:০০
 
সদ্য শেষ হওয়া ইউরোতে ব্যর্থতা সত্ত্বেও আগামী বিশ্বকাপ পর্যন্ত জার্মান ফুটবল দলের কোচ থাকছেন জোয়চিম লো।
 
ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে গত সপ্তাহে স্বাগতিক ফ্রান্সের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। তাই কোচ হিসেবে লোর থাকা না থাকা নিয়ে প্রাথমিকভাবে কিছুটা সন্দেহ সৃষ্টি হয়। কিন্তু রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ বিশ্বকাপ পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নদের কোচ হিসেবে থাকছেন বলে নিজেই জানিয়েছেন লো।
 
পদত্যাগ করতে পারেন- এমন গুঞ্জনকে উড়িয়ে দিয়ে ৫৬ বছর বয়সী লো এক বিবৃতিতে বলেন, দায়িত্ব চালিয়ে যাবেন তিনি। ১০ বছর যাবত জার্মান দলের কোচের দায়িত্ব পালন করছেন লো এবং তার অধীনে বিশ্বকাপ ও ইউরোতে পরপর পাঁচ বার সেমিফাইনাল খেলেছে জার্মানরা।
 
২০০৬ সালে কোচের দায়িত্ব নেয়ার দুই বছর আগে জার্গেন ক্লিন্সম্যানের সহকারীর দায়িত্ব পালন করা লো বলেন, আমাদের হতাশা থাকলেও দল হতাশ করেনি।
 
টুর্নামেন্টে তার দলই গড় বয়সে সবচেয়ে তরুণ উল্লেখ করে লো বলেন, এটাই (জার্মান) ছিল টুর্নামেন্টে সবচেয়ে তরুণ দল এবং আমি তাদের যথেষ্ট যোগ্যতা আমার চোখে পড়েছে। আমি নিশ্চিত ভবিষ্যতে তারা আমাদেরকে অনেক আনন্দ উপহার দেবে এবং যে কারণে আমি ২০১৮ রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত এ দলটি নিয়ে কাজ চালিয়ে যেতে চাই।
 
সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে পরাজিত হওয়ার পরক্ষণেই নিজের ভবিষ্যত্ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে লোর সরে দাঁড়ানোর গুঞ্জন শুরু হয়েছিল।-বাসস।