এবার প্রতারণার মামলায় সালমানের নাম

আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১২:১২
পাঁচদিনেই ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে সালমান খানের 'সুলতান'। সব রেকর্ডকে পিছনে ফেলে হট-কেকের মতো বক্স-অফিসে বিকোচ্ছে মশালায় ভরপুর ব্লকবাস্টার। তা সত্ত্বেও বিতর্ক পিছু ছাড়ছে না সালমানের। ভাইজানের বিরুদ্ধে এবার মামলা ঠুকে দিলেন জনৈক মুহাম্মদ সাবির আনসারি!
 
কে এই সাবির আবির আনসারি? কেনই সালমানের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি? মুজাফফরপুরের বাসিন্দা সাবিরের দাবি, তার জীবনকাহিনীর উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ‘সুলতান’ ছবিটি। সত্ত্ব বাবদ তাকে ২০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলিউড সুপারস্টার। কিন্তু সেই অর্থ এখনও হাতে পাননি সাবির।
 
আর সেই কারণেই গত ৮ জুলাই সালমান, ছবির নায়িকা আনুশকা শর্মা ও পরিচালক আলি আব্বাস জাফরের বিরুদ্ধে স্থানীয় আদালতে মামলা করেছেন তিনি। তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (সম্পত্তি থেকে বঞ্চিত করার প্রতারণা), ৪০৬ (বিশ্বাসঘাতকতা), ৫০৪ (ইচ্ছাকৃত অপমান) ও ৫০৬ (হুমকি) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
 
সাবিরের পক্ষের আইনজীবী জানিয়েছেন, ২০১০ সালে সাবির নিজের জীবনের গল্প সালমানকে শুনিয়েছিলেন। তখনই ‘দাবাং খান’ বলেছিলেন, এই গল্প নিয়ে যদি কোনও ছবি তৈরি হয়, তবে সাবিরকে রয়ালটি দেবেন তিনি। কিন্তু প্রতিশ্রুতি রাখেননি তিনি।
 
মঙ্গলবার স্থানীয় আদালতে মামলার শুনানি ছিল। মামলাটি সেখান থেকে প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী শুনানি ২৬ জুলাই।
 
বলিউডে এমন ঘটনা অবশ্য নতুন নয়৷ এর আগেও আমির খানের ‘থ্রি ইডিয়টস’ ছবির গল্পের জন্য রয়ালটি দাবি করেছিলেন লেখক চেতন ভগৎ। শাহরুখ খানের ‘ফ্যান’-এর গল্পও আসল জীবন থেকে চুরি করা বলে দাবি তোলা হয়েছিল।