অ্যালায়েন্সভুক্ত ক্রেতারা ‘আগের মতোই থাকছেন’

আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১২:৪৯
 
সাম্প্রতিক দুই-দুইটি জঙ্গি হামলার পরও বাংলাদেশে তাদের কার্যক্রম অব্যাহত রাখার কথা বলেছে বিদেশি ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি (এবিডব্লিউএস)।  মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
অ্যালায়েন্সের বাংলাদেশ প্রতিনিধি জেমস মরিয়ার্টিকে বলেছেন, কোন কোম্পানি বাংলাদেশ থেকে কার্যাদেশ প্রত্যাহার বা বাতিল করেছে- এমন কোনো খবর জানা নেই। সদস্য কোম্পানিগুলো আগের পথেই থাকবে। অ্যালায়েন্স বাংলাদেশে ২৮টি বড় ব্রান্ডের প্রতিনিধি করছে। এর মধ্যে কানাডীয় অনেক কোম্পানি রয়েছে।
 
তিনি বলেন, বেশিরভাগ দূতাবাসই তাদের নাগরিকদের এমনভাবে চলাফেরা করতে বলেছে, যাতে তারা খুব বেশি নজরে না পড়েন।
 
মরিয়ার্টি বলেন, অনেক বড় কোম্পানি তাদের বিদেশি কর্মীদের বাংলাদেশে পাঠানো বন্ধ রেখেছে। তবে তাদের পক্ষে বাংলাদেশে যারা কাজ করছেন, তাদের অধিকাংশই হয় বাংলাদেশি, নয়তো দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশের নাগরিক।
 
তিনি বলেন, আমি বিশ্বাস করি, যারা এ ধরনের হামলা চালাচ্ছে, তাদের সংখ্যা হাতে গোণা এবং তাদের তেমন পক্ষে কোনো সমর্থন নেই।
 
গত ১ জুলাই ঢাকার গুলশানে ভয়াবহ জঙ্গি হামলায় ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জন নিহত হন। এদের অনেকেই তৈরি পোশাকের ব্যবসায় জড়িত ছিলেন। ঐ ঘটনার পর পোশাক বিক্রেতা ব্র্যান্ড ইউনিক্লোর স্বত্ত্বাধিকারী জাপানের ফাস্ট রিটেইলিং কোম্পানি বাংলাদেশে তাদের সব ধরনের ব্যবসায়িক ভ্রমণ স্থগিত করে।