বাংলাদেশে মেডিকেল শিক্ষা, চিকিত্সা সেবা ও গবেষণায় গতিশীল নেতৃত্বের জন্য এ বছর এডুকেশন লিডারশিপ এওয়ার্ড পুরস্কারে ভূষিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
আগামী ৫ আগস্ট সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক ম্যারনা স্কয়ারে অনুষ্ঠিতব্য বিশ্ব শিক্ষা সম্মেলনে তার হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে।
গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী এই পুরস্কার অর্জন করেন।
বিএসএমএমইউ উপাচার্য বর্তমানে জাপানে অবস্থান করছেন। আগামী ১৫ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।
এশিয়ার শিক্ষা এক্সেলেন্স পুরস্কারটি অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটি আন্তর্জাতিক পুরস্কার। সিএমও এশিয়া, বিশ্ব শিক্ষা কংগ্রেস-এর গবেষণা সহযোগী হিসেবে, এশিয়ার শ্রেষ্ঠ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্ব স্ব ক্ষেত্রে রোল মডেল এবং দৃষ্টান্তমূলক নেতৃত্ব স্থাপনের জন্য এ পুরস্কারে ভূষিত করা হয়।
বেশ কয়েকটি শাখায় এই পুরস্কার প্রদান করা হয়। তেমনি চিকিত্সা শাস্ত্রে অবদানের জন্য এ বছর বিএসএমএমইউর উপাচার্য এই মর্যাদা সম্পন্ন পুরস্কারটি অর্জন করলেন।-বাসস।
