নৌপরিবহন মন্ত্রী বলেছেন, 'রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার নমুনা জামায়াত-শিবিরের হামলার মতো। পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় না করে যারা হামলা করেছে, তাদের হামলার নমুনা আইএস বা আল-কায়দার মতো নয়। তারা আত্মঘাতী বোমা হামলা করে, তরবারি দিয়ে জবাই করে মানুষ হত্যা করে। কিন্তু গুলশান-শোলাকিয়ার হামলাকারীরা হাত-পায়ের রগ কেটে মানুষ হত্যা করেছে। তারা আর কেউ নয়, সন্ত্রাসী সংগঠন জামায়াত-শিবির।’
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ধর্মযাজক, দেশি-বিদেশি নাগরিক হত্যা, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলের লক্ষ্যে ‘শ্রমিক কর্মচারি পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’ ও ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন’ আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
শাজাহান খান বলেন, সরকারকে উৎখাতের জন্য বিএনপি-জামায়াত চক্র দেশে বিভিন্ন ঘটনা ঘটিয়ে যাচ্ছে। দেশে যেসব ঘটনার অবতারণা হচ্ছে এর দায় বিএনপি-জামায়াত চক্রকে নিতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
