দীপিকায় 'পদ্মাবতী'কে খুঁজে পেয়েছেন সঞ্জয় লীলা

আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১৫:০৬
'লীলা' আর 'মাস্তানি'-এর চরিত্রে অভিনয়ের পর এবার দীপিকা পাডুকোনকে সঞ্জয় লীলা বানশালির পরবর্তী ছবিতে রানি পদ্মিনীর চরিত্রে দেখা যাবে।
 
বহু দিন ধরেই 'পদ্মাবতী' ছবি নিয়ে গুঞ্জন চলছিলো। মূল চরিত্রে অভিনয়ের ব্যাপারে বহু নায়িকারই নাম শোনা গেছে। কিন্তু শেষ অব্দি দীপিকাকেই বেছে নিলেন সঞ্জয়।
 
জুন মাসের শেষে একটি সাক্ষাৎকারে দীপিকার কাছে জানতে চাওয়া হয়, তিনি আবার সঞ্জয়ের ছবিতে থাকছেন কিনা? তখন তিনি জানান‚ এই বছরের সেপ্টেম্বর মাসে তার নতুন ছবির শুটিং শুরু করবেন তিনি। কিন্তু এর বেশি আর কিছুই জানা যায়নি তার কাছ থেকে। এরই মধ্যে তিনি হলিউডের ছবি 'থ্রি এক্স : দ্য রিটার্ন অফ জেঞ্জার কেজ' এর শুটিং শেষ করেছেন।
 
এবার শোনা যাচ্ছে, পদ্মাবতীর শুটিং সেপ্টেম্বর মাস থেকেই শুরু হবে। তাই আন্দাজ করা যাচ্ছে দীপিকা এই ছবিরই ইঙ্গিত দিয়েছিলেন আগে।
 
শুধু দীপিকা নয়, রণবীর সিংও থাকছেন এই ছবিতে। কাস্টিং চূড়ান্ত হয়ে গেলে হয়তো রণবীরকে দেখা যাবে আলাউদ্দিন খিলজির চরিত্রে। এবং, 'মাসান' অভিনেতা ভিকি কৌশলকে দেখা যাবে পদ্মাবতীর স্বামী রাণা রতন সিং এর চরিত্রে।
 
দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি ও চিতোরের রানি পদ্মাবতীকে নিয়ে আগেই ২০০৮ সালে সঞ্জয় লীলা একটা অপেরা পরিচালনা করেছিলেন, যা ইউরোপে দেখানো হয়। তখন থেকেই তিনি এই নিয়ে ছবি বানানোর কথা ভাবছেন।
 
শোনা যাচ্ছে, এই ছবির একটি গানের রেকর্ডিং ইতোমধ্যেই সেরে ফেলেছেন শ্রেয়া ঘোষাল।