ভেনিজুয়েলায় খাদ্য উৎপাদন ও বণ্টনে সেনা মোতায়েন

আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১৭:০৩
ভেনিজুয়েলায় অব্যাহত খাদ্য সংকটের মধ্যে দেশটির পাঁচটি বন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। দেশটিতে এখন খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বণ্টনের কাজ সমন্বয় করার কাজ করছে সেনাবাহিনী। খাদ্য ও ঔষধ সরবরাহ নিশ্চিত করার চেষ্টায় সর্বশেষ এই পদক্ষেপ নিলো দক্ষিণ আমারেকির এই দেশ।
 
এর আগে এক ডিক্রিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সেনাবাহিনীকে  খাদ্য প্রক্রিয়াকরণ কারখানাগুলো পর্যবেক্ষণ এবং খাদ্য সামগ্রীসমূহের উৎপাদন ও বণ্টন সমন্বয় করার আদেশ দেন।
 
উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম তেলের রিজার্ভ থাকা সত্ত্বেও ভেনিজুয়েলা গভীর অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো খুঁজে পাওয়া অব্যাহতভাবে কঠিন হচ্ছে এবং বহু মানুষ বলছেন, তারা তাদের পরিবারকে খাবারের জোগান দিতে প্রাণান্ত চেষ্টা করছেন।
 
গুয়ান্তা, লা গুয়েইরা, পুয়ের্তো ক্যবেল্লো, ম্যারাক্যাইবো এবং গুয়ামাচি বন্দরগুলো সেনাবাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত হবে বলে  গত মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা করেন মাদুরো। তিনি ‘গ্রেট মিশন অব সভরেইন সাপ্লাইং’ নামে একটি সরকারি উদ্যোগের সূচনা করেন, যেটি পরিচালিত হবে প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির প্যাদরিনোর নেতৃত্বে। কীভাবে খাদ্য ও ঔষধ উৎপাদন, বণ্টন ও বিক্রি হয় তা পর্যবেক্ষণ এবং সমন্বয় করার বিষয়টিও এই উদ্যোগের মধ্যে রয়েছে।
 
মাদুরো বলেন, এই পদক্ষেপগুলো মার্কিন মদদপুষ্ট রাজনৈতিক শত্রু এবং ব্যবসায়ীদের সৃষ্ট ‘অর্থনৈতিক যুদ্ধের’ বিরুদ্ধে একটি লড়াই। তবে সরকার ঠিক মতো দেশ চালাতে পারছেনা— একথা বলে বিরোধীরা প্রেসিডেন্টের পদত্যাগের আহবান জানিয়েছেন। এদিকে খাদ্য ব্যবস্থাপনায় সেনাবাহিনীর অংশগ্রহণ নিয়ে দ্য ভেনিজুয়েলান বিশপ কনফারেন্স বলেছে, সামরিক বাহিনীর আগমন ‘শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি হুমকি’। সূত্র: বিবিসি