বার্গার, পিজ্জা কিংবা ডোনাটের মত খাবার যেগুলোতে বেশি চর্বি রয়েছে সেগুলোর ওপর 'ফ্যাট ট্যাক্স' বসতে চলেছে ভারতের কেরালায়। রাজ্যের দেশি-বিদেশি বিভিন্ন নামী রেস্টুরেন্টে এধরনের খাবার খেতে হলে এর পর থেকে গুনতে হবে বাড়তি অর্থ।
কেরালার নব নির্বাচিত রাজ্য সরকার বলছে, জনগণকে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যাপারে সচেতন করতে চর্বিযুক্ত খাবারে সাড়ে ১৪ শতাংশ ফ্যাট ট্যাক্স আরোপ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ট্যাক্স মানুষকে মুটিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করাতে সহায়ক হবে বলে রাজ্য সরকারের আশা।
'কেরালার মানুষের খাদ্যাভ্যাস দ্রুত পরিবর্তিত হচ্ছে। স্থানীয় খাবার বাদ দিয়ে মানুষ প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খাওয়ার দিকে ঝুঁকছে। এটা ঠেকাতে মুখরোচক কিন্তু স্বাস্থ্যসম্মত নয় এমন খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।' বলেন রাজ্যের অর্থমন্ত্রী টমাস আইজ্যাক।
ভারতের একটি জাতীয় পর্যায়ের জরিপ থেকে দেখা গেছে, পাঞ্জাবের পরই সবচেয়ে বেশি স্থূলকায় মানুষের বাস কেরালায়। অর্থনৈতিক উন্নয়নের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে এই সমস্যাকে। সূত্র: বিবিসি
