'সাম্প্রদায়িক শক্তি ও সাম্রাজ্যবাদ দেশের জন্য দুমুখী বিপদ'

আপডেট : ১৩ জুলাই ২০১৬, ২০:৩৭
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, দেশের অস্তিত্বকে আজ বিপর্যয়ের দিকে ঠেলে দেয়া হচ্ছে। দেশের ওপর একাধারে সাম্প্রদায়িক শক্তি এবং সাম্রাজ্যবাদ- দুমুখী বিপদ। বুধবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে প্রগতি সম্মেলন কক্ষে সিপিবি-বাসদ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
 
সেলিম বলেন, ’৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পাকিস্তানের গোলামী ছিন্ন করেছি নতুন করে আমেরিকা, ভারত বা অন্য কারও গোলামী করার জন্য নয়। তিনি বলেন, ধর্মকে রাজনীতিতে ব্যবহারের ফল সম্পর্কে আমরা সতর্ক করেছি বহুবার। কিন্তু ক্ষমতাসীনরা কখনোই তাতে কর্ণপাত করেনি। জামায়াতকে নিষিদ্ধ করার ক্ষেত্রেও টালবাহানা করে চলেছে।
 
সংবাদ সম্মেলনে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, জঙ্গি হামলার ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও দূরীভূত করার পরিবর্তে পুরনো দোষারোপের রাজনীতি শুরু হয়ে গেছে। ক্ষমতাসীন সরকারসমূহ সবসময় উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসী হামলার তীব্রতাকে খাটো করে দেখানোর চেষ্টা করেছে। হামলাকারীদের পরিচয় উদ্ঘাটন করা, গ্রেপ্তার ও বিচার করার চেয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলের প্রচেষ্টা শাসন ক্ষমতায় অধিষ্ঠিতদের পক্ষ থেকে সবসময় করা হয়েছে। আইএস আছে কী নেই, এরা কী জেএমবি না অন্যকিছু-এসব বিতর্কে রাজনৈতিক ফায়দা নেয়ার  চেষ্টা হয়েছে। গণতন্ত্রের মূল চেতনা যে ভিন্নমত সহিষ্ণুতা, তা ধ্বংস করা হচ্ছে। গণতান্ত্রিক অধিকারহীন পরিবেশ শাসকদেরকে যেমন ফ্যাসিবাদী বানায়, জনগণকেও তেমনি নিষ্ক্রিয় করে। এর ফলশ্রুতিতে সাম্প্রদায়িক জঙ্গিবাদের মত মহাবিপর্যয়ের উদ্ভব ঘটে।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিপিবি’র সাধারণ সম্পাদক সৈয়দ জাফর আহমদ সশস্ত্র সাম্প্রদায়িক জঙ্গিবাদের বিপদ মোকাবেলায় দোষারোপের রাজনীতি পরিহার করে এবং দলীয় সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠে সরকার, বিরোধী দল, বাম-গণতান্ত্রিক-প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক শক্তি একযোগে কাজ করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন। বক্তব্যে বলা হয়, জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলনের মাধ্যমেই এই অন্ধকারের কালো শক্তিকে কার্যকরভাবে নিশ্চিহ্ন করা সম্ভব। শাসকগোষ্ঠীর অগণতান্ত্রিক আচরণ, সশস্ত্র সাম্প্রদায়িক জঙ্গিবাদী হামলা, দুর্নীতি-লুটপাট বন্ধ করতে কার্যকর আন্দোলন গড়ে তুলতে হবে।
 
সংবাদ সম্মেলন পরিচালনা করেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য শামছুজ্জামান সেলিম, আহসান হাবিব লাবলু, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, সিপিবি’র  কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুল আলম, রুহিন হোসেন প্রিন্স, অনিরুদ্ধ দাশ অঞ্জন, বাসদ নেতা জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপন, আব্দুর রাজ্জাক, শামসুন্নাহার জ্যোৎস্না প্রমুখ।