লিগে আরো কিছু খেলোয়াড় দেখবেন বাংলাদেশের কোচ

আপডেট : ১৪ জুলাই ২০১৬, ০৯:৩৭
 
ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ খেলার জন্য ৩২ ফুটবলার জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্পে ডাক হয়েছিল। এদের মধ্যে তিন ফুটবলার আসতে পারেননি। মোনায়েম খান রাজুর পারিবারিক সমস্যা, নাবীব নেওয়াজ জীবন এবং শাহেদুলের জ্বর। ২৯ ফুটবলার নিয়ে গত দুই দিন অনুশীলন করাচ্ছেন তিন মাসের জন্য চুক্তিবদ্ধ হতে যাওয়া নতুন বেলজিয়ান কোচ টম সেইন্টফিট। দুই বেলা অনুশীলন চলছে। এরপর খেলোয়াড়রা নিজ নিজ ক্লাবে চলে যাবেন। কোচ দেশে ফিরে যাবেন। তার আগে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
 
ঢাকায় ফিরে প্রিমিয়ার ফুটবল লিগের খেলা দেখবেন। ক্লাবগুলোতে যাবেন কোচ। দেখতে চাইবেন সেখানে কিভাবে কোচিং করানো হচ্ছে। জাতীয় দলের তালিকায় থাকা খেলোয়াড়রা নিয়মের মধ্যে রয়েছে কিনা। তাদের উন্নতির জন্য ক্লাব কোচদের সাথেও কথা বলবেন টম সেইন্টফিট।
 
২০১৯ আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে প্লে অফ ম্যাচ দুটি খেলতে হবে ভুটানের বিপক্ষে। জিতলে বাছাইয়ে খেলার সুযোগ আসবে বাংলাদেশের সামনে। ভুটানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দুটির প্রথমটি ৬ সেপ্টেম্বর ঢাকায় এবং দ্বিতীয়টি ১০ অক্টোবর ভুটানে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ফুটবল দলের প্রস্তুতি সম্পন্ন করতে হবে বাংলাদেশকে। দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলছেন প্রথম ম্যাচটা ভুটানে হয়ে দ্বিতীয় ম্যাচটা ঢাকায় হলে ভালো হতো। তখন প্রথম ম্যাচের ফলাফল দেখে নতুন প্ল্যান করা যেতো। ঘরের মাঠের সুবিধা নেয়ার সুযোগ থাকতো। যেটা ভুটানে গিয়ে করা কঠিন।
 
বেলজিয়ান কোচ টম সেইন্টফিট জানিয়েছেন এখন যারা অনুশীলন ক্যাম্পে রয়েছেন তারাই চূড়ান্ত না। বাইরে যারা আছেন তারাও যে কোনো সময় ডাক পেতে পারেন। ক্যাম্পে থাকা খেলোয়াড়রা বিনা চ্যালেঞ্জে চূড়ান্ত দলে ঠাঁই পাবেন না, সেই হুঁশিয়ারি দিয়েছেন কোচ। তিনি লিগের খেলা দেখবেন। যখন যাকে ভালো মনে হবে তাকেই ক্যাম্পে আমন্ত্রণ জানাবেন কোচ। তিনি বলেছেন, ‘আমি তো অনেকগুলো ক্লাবের খেলা দেখতে পারিনি। আরো কিছু ভালো খেলোয়াড় আছে অন্যান্য ক্লাবে।’
 
ফিফার র‍্যাংকিংয়ে বাংলাদেশ আর ভুটানের পার্থক্য হচ্ছে ৮ ধাপ। বাংলাদেশ ১৮১ এবং ভুটান ১৮৮ নম্বরে। কোচ টম সেইন্টফিট বললেন, ‘এখন আমার মূল লক্ষ্য হচ্ছে ভুটানের বিপক্ষে দুটি ম্যাচের জন্য বাংলাদেশকে তৈরি করা। আমি আশা করি বাংলাদেশ বাছাইপর্বেও এই চ্যালেঞ্জ পার হবে এবং পরবর্তীতে দীর্ঘ মেয়াদে বাংলাদেশের সঙ্গে আমি কাজ করতে পারবো। প্রাথমিকভাবে তিন মাসেই আমার এবং বাফুফের সম্পর্ক। এরপরই ভবিষ্যতের চিন্তা-ভাবনা।’
 
ভবিষ্যৎ চিন্তা-ভাবনার কথাটা উঠছে, কারণ টম সেইন্টফিটের কোচ হওয়ার আমন্ত্রণ আছে নাইজেরিয়ার। টম বলেন, ‘নাইজেরিয়া ফুটবল ফেডারেশন প্রচার মাধ্যমে প্রকাশ করেছে যে আমি তাদের তিনজন কোচের সংক্ষিপ্ত তালিকায় আছি। সবাই যেমন দেখেছে আমি ততটুকুই দেখেছি। গত দু’মাস ধরে আমার কোনো চাকরি নেই। তাই বিভিন্ন ক্লাব ও বিভিন্ন ফুটবল ফেডারেশনকে আমার বায়োডাটা পাঠিয়েছি। এর মধ্যে নাইজেরিয়াও ছিলো। তারপর প্রচার মাধ্যমে আসলো যে আমি সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত। কিন্তু নাইজেরিয়ান ফুটবল ফেডারেশন থেকে আমাকে এ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ওয়েবসাইটে এটিও রয়েছে যে ১৮ তারিখ সাক্ষাতকারের দিন ধার্য করা হয়েছে। কিন্তু এ ব্যাপারেও আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা বা আমন্ত্রণ আমি পাইনি।’ নাইজেরিয়ার সাথে চুক্তিবদ্ধ হলে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দিতে চাইলে বাফুফে তার প্রতি উদারতা দেখাতে পারে।