নওগাঁর মান্দা উপজেলায় ডিস ক্যাবলের মাধ্যমে অভিনব কায়দায় অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে বৃহস্পতিবার মান্দা পল্লি বিদ্যুৎ সাব জোনাল অফিস কর্তৃপক্ষ ওই এলাকায় ডিস ক্যাবলসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করেছে।
এলাকাবাসী জানায়, রাজশাহীর মোহনপুর উপজেলার সরমইল গ্রামের ডিস ব্যবসায়ী মো. আলম ওরফে ভুদু তেঁতুলিয়া ইউপির কটকতৈল ও বাংড়া গ্রাম থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মান্দা পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষ বৃহস্পতিবার অভিযান চালিয়ে কটকতৈল গ্রাম থেকে ১৫ শ ফিট ও বাংড়া গ্রাম থেকে নয় শ ফিট ডিসের ক্যাবলসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে।
নওগাঁ পল্লি বিদ্যুতের সমবায়-সমিতিরি জিএম নূরুল ইসলাম জানান, ঘটনার খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
