রফতানি আয় ৮ শতাংশ বাড়ানোর লক্ষ্য

আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৫:৩৯
 
চলতি অর্থবছরে রফতানি থেকে ৩৭বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার, যা গত বছরের চেয়ে ৮ শতাংশ বেশি। বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উপস্থিতিতে এক সভায় ২০১৬-১৭ অর্থ বছরের জন্য এই লক্ষ্য চূড়ান্ত করা হয়।
 
তোফায়েল আহমেদ বলেন, মোট রফতানি লক্ষ্যমাত্রা ৩৭ বিলিয়ন ডলার ধরা হয়েছে,  প্রবৃদ্ধি ধরেছি ৮ শতাংশ। আগামীতে এই লক্ষ্য অতিক্রম করব।
 
সাম্প্রতিক দুটি জঙ্গি হামলার ঘটনার পর রফতানি আয়ে নেতিবাচক প্রভাব পড়বে না বলেই আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেছেন, ঐক্যবদ্ধ জাতির অগ্রগতিকে কেউ কোনোদিন বাধাগ্রস্ত করতে পারবে না। আমাদের অগ্রগতিকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।
 
২০১৫-১৬ অর্থবছরে (জুলাই-জুন) বিভিন্ন পণ্য রফতানি করে বাংলাদেশ তিন হাজার ৪২৪ কোটি ১৮ লাখ (৩৪.২৪ বিলিয়ন) ডলার আয় করেছে, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি। এই প্রবৃদ্ধিকে ‘নতুন মাইল ফলক’ হিসেবে অভিহিত করেছেন মন্ত্রী।