রুশ নাগরিকত্ব পেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফার্নান্দেজ

আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৬:০৭
রাশিয়ার নাগরিকত্ব লাভ করেছেন সিএসকেএ মস্কোর ব্রাজিলিয়ান রাইট ব্যাক মারিও ফার্নান্দেজ। সরকারি এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
 
সিএসকেএ মস্কোর হয়ে তিনটি রাশিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা লাভ করা ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার তৃতীয় বিদেশি ফুটবলার হিসেবে গত এক বছরে রাশিয়ান নাগরিকত্ব লাভ করলেন।
 
এ প্রসঙ্গে মস্কো ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে ফার্নান্দেজ বলেছেন, ‘২০১২ সালে সিএসকেএ’তে আসার পর থেকেই রাশিয়া আমার কাছে সত্যিকার অর্থেই নিজের ঘর মনে হয়। এখানকার নাগরিকত্ব পেতে আমি দারুনভাবে আগ্রহী ছিলাম। এখন আমার সুযোগ আছে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার।’
 
রাশিয়ান ক্রীড়ামন্ত্রী ভিটালি মুটকো গত মার্চে বলেছিলেন রাশিয়ার আগ্রহ আছে জাতীয় দলে ফার্নান্দেজকে খেলানোর। ইউরো ২০১৬কে সামনে রেখে এর আগে রাশিয়ান পাসপোর্ট লাভ করেছিলেন লোকোমোটিভ মস্কোর ব্রাজিলিয়ান গোলরক্ষক গুইলহারমে ও জার্মান জাতীয় দলে দুইবার খেলা রোমান নেইস্টাডার। দুজনেই রাশিয়ার ইউরো দলে ছিলেন।