পাকিস্তানে ট্যালেন্ট নেই বলে মনে করেন আফ্রিদি

আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৭:১২
পাকিস্তানে কোনো মেধাবী ক্রিকেটার নেই বলে দাবি করলেন দলটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, ‘পাকিস্তানের মেধাবী ক্রিকেটারদের নিয়ে অনেক সময় অনেক আলোচনাই হয়। আমরা বলে থাকি আমাদের দেশে অনেক মেধাবী ক্রিকেটার রয়েছে। আসলে আমি দুঃখিত যে আমাদের দেশে বর্তমানে কোনো মেধাবী ক্রিকেটারই নেই। ক্রিকেট বিশ্ব যে মেধাবী ক্রিকেটারদের চায়, তার কিছুই নেই পাকিস্তানে।’
 
তিনি বলেন, ’ক্রিকেট ক্যারিয়ারের বিদায় নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত জানাচ্ছি না।’
 
তিনি বিশ্বাস করেন, তার থেকে বড় কোনো ট্যালেন্টেড (মেধাবী) ক্রিকেটার নেই। এশিয়া কাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বাজে পারফর্মে অধিনায়কত্ব হারানো ‘বুম বুম’ আফ্রিদি আপাতত ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি বলেও জানান।
 
জাতীয় দলে জায়গা না পাওয়া আফ্রিদির বিশ্বাস এখনো তার সময় শেষ হয়ে যায়নি। ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার জাতীয় দলের হয়ে সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া আফ্রিদি বর্তমানে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে ইংল্যান্ডে রয়েছেন।
 
আফ্রিদি বলেন, জাতীয় দলে সুযোগ না পাওয়ার জন্য আমি হতাশ নই। এটা নির্বাচকদের ব্যাপার। আমার সাথে দলের প্রধান নির্বাচক ইনজামাম উল হক ভাইয়ের কথা হয়েছে। আমি ক্রিকেটকে সম্মান করি, তাই ক্রিকেটের স্বার্থে যেকোনো সিদ্ধান্তই মেনে নিতে পারি।’