জাহাজ নির্মাণ শিল্পে ব্যাংক ঋণের সুদের হার কমানোর দাবি

আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৮:০২
 
জাহাজ নির্মাণ শিল্প খাতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর দাবি জানিয়েছে শিপ বিল্ডার্স এসোসিয়েশন। একইসাথে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পরিবহনের জন্য দেশীয় জাহাজ ব্যবহারের সুপারিশও করেন তারা।
 

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাতকালে সংগঠনের প্রতিনিধিরা এ দাবি জানান। অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ শেষে সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, জাহাজ নির্মাণ শিল্প একটি সম্ভাবনাময় খাত। কিন্তু সুদের বেশি হওয়ার কারণে এ শিল্পের তহবিল ব্যয় অনেক বেশি। ফলে ভারত, চীন, জাপান এসব দেশের ব্যবসায়ীদের সঙ্গে আমরা প্রতিযোগিতায় পেরে ওঠছি না। তিনি জানান, আমাদের এখানে সুদের হার ১২ থেকে ১৩ শতাংশ। অন্য দেশে এটা ২ থেকে ৩ শতাংশ। তিনি বলেন, তহবিল ব্যয় কমিয়ে আনতে এ খাতে সুদের হার কমানোর দাবি জানিয়েছি আমরা। সুদের হার ৫ থেকে ৬ শতাংশে নামিয়ে আনা হলে এ খাতে রফতানি আয় দ্বিগুণ হবে এমন মন্তব্য করেন তিনি। তিনি জানান, বর্তমানে এ খাতে রফতানি আয় বছরে প্রায় ১ হাজার কোটি টাকা। অর্থমন্ত্রীর সাথে বৈঠকের বিষয়ে তিনি আরো বলেন, এছাড়া সরকারের উন্নয়নমূলক কাজে যেমন, সেতু নির্মাণ, কয়লা আমদানি ইত্যাদি কাজে দেশীয় জাহাজ ব্যবহারেরও সুপারিশ করেছি আমরা।