আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণে নেয়া যাবে বেশি ডলার

আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৮:২৫
 
বেসরকারি উদ্যোগে আন্তর্জাতিক সেমিনার, সম্মেলন বা কর্মশালায় অংশ নিতে দেশের বাইরে যাওয়ার সময় আগের তুলনায় বেশি ডলার নেয়া যাবে। বৈদেশিক মুদ্রা বিনিময় নীতিমালা সহজীকরণের আওতায় এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি এ বিষয়ে একটি প্রজ্ঞাপণ জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
 
প্রজ্ঞাপণে বলা হয়েছে, এখন থেকে সার্কভুক্ত দেশ ও মায়ানমারে বেসরকারি উদ্যোগে আয়োজিত কোনো সেমিনার, সম্মেলন, কর্মশালায় অংশগ্রহণের জন্য গেলে একজন ব্যক্তি সাড়ে ৩০০ ডলার নিতে পারবেন। আর অন্য দেশে গেলে নেয়া যাবে ৪০০ ডলার। এতোদিন যে কোনো দেশের জন্য এ কোটা ২০০ ডলারে নির্ধারিত ছিল। ডলার ছাড় করার আগে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে সেমিনারে অংশ নেয়ার বিষয়ে প্রয়োজনীয় আবেদনসহ কাগজপত্র নিতে বলা হয়েছে।
 
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, ১৯৯৩ সালে প্রণিত নীতিমালার আলোকে বেসরকারি উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণে ডলার নেয়ার সীমা নির্ধারিত ছিল। তবে এ সীমা কম থাকায় অনেক ক্ষেত্রে নানা সমস্যার কথা বলে আসছিলেন অনেকে। এমন পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রা বিনিময় নীতিমালা সহজীকরণের লক্ষ্যে এ সীমা বাড়ানো হয়েছে।