নিরাপত্তা শঙ্কায় আসেননি এইচপি কোচ!

আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৮:৫৪
আগামী ১৭ জুলাই শুরু হতে যাচ্ছে বিসিবির হাইপারফর্মেন্স ইউনিটের ক্যাম্প। তবে, নিরাপত্তার শঙ্কা থাকায় এখনও ঢাকায় ফেরেননি কোচ সাইমন হেলমট।
 
ক্রিকেটারদের নিবিড় পর্যবেক্ষণ ও উন্নত প্রশিক্ষণদানে ২৫ সদস্যের হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি।
 
চলতি মাসের শুরুতে গুলশানের রেস্টুরেন্টে বিদেশিদের উপর জঙ্গী হামলার পর থেকে বিদেশি কোচরা তাদের নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন বলে জানায় বিসিবির একাধিক সূত্র। তবে, বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে বিদেশি কোচদের। বোর্ড আশা করছে ঠিক সময়ে এইচপি ক্যাম্পে যোগ দেবেন এই কোচ।
 
এ ব্যাপারে বিসিবিকে এখনও অফিসিয়ালি কিছু জানাননি হেলমট। এই মুহূর্তে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের দায়িত্বে রয়েছেন তিনি।
 
আরও জানা যায়, সকল বিদেশি কোচদের নিরাপত্তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে বিসিবি। বিদেশি কোচদের জন্য আলাদাভাবে নিরাপত্তা দেয়ার কথাও ভাবছে বিসিবি।