ক্ষমা চাওয়ার প্রশ্ন তো নেই-ই, ভারতের মহিলা কমিশনের তলবে হাজিরা দেবেন না বলে জানিয়ে দিলেন সালমান খান। বৃহস্পতিবারের মধ্যে ধর্ষণ মন্তব্যের জেরে সালমানকে ডেকে পাঠিয়েছিল মহারাষ্ট্রের রাজ্য মহিলা কমিশন।
‘সুলতানের শুটিং থেকে বেরোনোর পর নিজেকে ধর্ষিতার মতো মনে হত’- সম্প্রতি সালমানের এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়। সমালোচনার ঝড় ওঠে নানান মহলে। নিজের পেশাগত পরিশ্রমকে বড় করে দেখাতে গিয়ে তিনি ধর্ষিতাদের উপর অত্যাচার এবং অপমানকে ছোট করে দেখছেন, এই অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে।
এমনকি আমির খান, আনুশকা শর্মা, কঙ্গনা রনৌতের মতো বলিউডেরও অনেকে সালমানের ওই মন্তব্যের বিরুদ্ধে মুখ খোলেন। ক্ষমা চাইতে বলে ভারতের মহিলা কমিশন। ক্ষমা না চাওয়ায় তলবও করা হয়। কিন্তু হাজিরা না দিয়ে কমিশনের এখতিয়ার নিয়েই প্রশ্ন তুললেন সালমান।
আইনজীবীর সঙ্গে পরামর্শ করে কমিশনকে চিঠিও পাঠিয়েছেন তিনি। চিঠির প্রাপ্তি স্বীকার করলেও কী আছে চিঠিতে তা নিয়ে মুখ খোলেনি কমিশন। শুধু জানানো হয়েছে, চিঠি পড়ে দেখা হচ্ছে। তার পর কী করণীয় সিদ্ধান্ত নেওয়া হবে। সালমানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কোনোরকম নমনীয়তার মধ্যে না গিয়ে কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জই করেছেন ‘সুলতান’। ক্ষমা চাওয়ার কথা উড়িয়ে দিয়েছেন। উল্টে সমন পাঠিয়ে ডেকে পাঠানোর এখতিয়ার আদৌ মহিলা কমিশনের আছে কি না সে প্রশ্নও তুলেছেন সালমান খান। আনন্দবাজার।
