জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি বলেছেন, 'সমাজ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে সকলকে এগিয়ে আসতে হবে।'
সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে জঙ্গিবাদের কোন স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, 'বর্তমান সরকার জঙ্গি নির্মূলের ব্যাপক অভিযান শুরু করেছে।' প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় তাদেরকে উদ্বুদ্ধ করে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে বলে তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন-শৃঙ্খলা রক্ষা, জঙ্গিবাদ সন্ত্রাস ও নাশকতা নিরোধ সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, সরকারি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। পরে চীফ হুইপের নেতৃত্বে একটি জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মিছিল বাউফল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ভবনে গিয়ে শেষ হয়।
