যৌতুক না পেয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা

আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১১:১৭
যৌতুকের দাবিতে চুয়াডাঙ্গায় স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে ঘাতক স্বামী। ঘটনার পরপরই পুলিশের হাতে আটক হয়েছেন ঘাতক আকাশ ওরফে মিঠু।
 
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মহাম্মদজমা গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত তহমিনা খাতুন ওরফে তহুরা (২৬) সদর উপজেলার মহাম্মদজমা গ্রামের দিনমজুর সবোদ আলীর মেয়ে।
 
পুলিশ জানায়, যৌতুক না পেয়ে ক্ষুব্ধ স্বামী মিঠু রাতের অন্ধকারে শ্বশুরবাড়িতে এসে এ ঘটনা ঘটিয়েছে।
 
জানা গেছে, তহমিনা খাতুন ওরফে তহুরার (২৬) সঙ্গে এক বছর আগে পার্শ্ববর্তী আলমডাঙ্গা উপজেলার তিয়রবিলা গ্রামের রমজান গাজীর ছেলে আকাশ ওরফে মিঠু বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের সময় মিঠুকে ৭০ হাজার টাকা যৌতুক দেন দরিদ্র সবোদ আলী। কিন্তু মিঠু আরো এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। সেই টাকাসহ আরো ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছিল স্বামী মিঠু (৩২।  টাকা না পেয়ে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল মিঠু। এরই জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বিছানার উপর ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে স্ত্রী তহমিনাকে হত্যা করে স্বামী মিঠু। এ সময় তহমিনার চিৎকার শুনে পাশের বাড়ি থেকে পরিবারের লোকজন ছুটে এলে মিঠু ঘর থেকে পালিয়ে যায়। এ ঘটনার ঘণ্টা খানেকের মাথায় স্থানীয় ফাঁড়ির পুলিশ তাকে আটক করে।
 
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।