সাবেক সংসদ সদস্য আলী রেজা মারা গেছেন

আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১৫:৪৩
যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা সদর আসনের সাবেক সংসদ সদস্য আলী রেজা ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি.........রাজিউন)।
শুক্রবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
মরহুম আলী রেজা রাজু বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ছিলেন। তার মৃত্যুতে যশোরের সর্বস্তরের জনতা গভীরভাবে শোকাহত। 
 
পারিবারিক সূত্রে জানা গেছে, কিডনি রোগে আক্রান্ত আলী রেজা রাজু এক সপ্তাহ ধরে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি ১৬ বছর ধরে ডায়ালাইসিস করতেন বলে জানা গেছে। সপ্তাহে তার তিন দিন ডায়ালাইসিস করতে হতো।
 
জানা যায়, আলী রেজা রাজুর বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস রয়েছে। আওয়ামী লীগের মনোনয়নে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৪ সাল থেকে ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে সংসদ সদস্য হিসেবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেছেন।