রানিং মেট হিসেবে মাইক পেন্সকে বেছে নিলেন ট্রাম্প

আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১৭:২৯
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভাইস-প্রেসিডেন্ট হিসেবে মাইক পেন্সকে বেছে নিয়েছেন। মাইক ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতিতে অভিজ্ঞতা কম হওয়ায় কংগ্রেসের বিষয়ে রানিং মেটের ওপর নির্ভরশীল থাকতে হতে পারে ট্রম্পকে।
 
শুক্রবার ট্রাম্পের প্রচার সেল থেকে তার রানিং মেট হিসেবে ৫৭ বছর বয়সী পেন্সের নাম ঘোষণা করার কথা ছিল। কিন্তু ফ্রান্সের নিসে ভয়াবহ হামলার পরিপ্রেক্ষিতে তা স্থগিত করা হয়েছে।
 
ট্রাম্পের প্রচার সেলের সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র এবিসি নিউজকে জানিয়েছেন, মাইক পেন্স এই প্রস্তাব গ্রহণ করেছেন। তবে, বৃহস্পতিবারই ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন, 'আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছুতে পারিনি, চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি।'
 
ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালনের আগে পেন্স ১২ বছর ওয়াশিংটনে কংগ্রেস সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।