বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, 'পর্যটন হিমালয় অববাহিকার দেশসমূহের মাঝে বাণিজ্য ও অর্থনৈতিক সম্ভাবনা ত্বরান্বিত করবে।'
বৃহস্পতিবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের রাজধানী শিলংয়ের কনভেনশন সেন্টারে দু'দিনব্যাপী এশিয়ান কনফ্লুয়েন্স রিভার ফেস্টিভ্যালের উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপনকালে রাশেদ খান মেনন এ কথা বলেন।
ঢাকায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার একথা জানানো হয়। বিমান মন্ত্রী পর্যটনের মাধ্যমে হিমালয় অববাহিকার দেশসমূহের মধ্যে অর্থনৈতিক সম্ভাবনা ত্বরান্বিত করবে এমন আশা ব্যক্ত করে আরও বলেন, 'এজন্য এই দেশগুলোকে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। আর হিমালয়ের অববাহিকায় উৎপন্ন নদীসমূহ ঘিরে এ পদক্ষেপের সূচনা হতে পারে। কারণ, এসব নদী এ অঞ্চলের মানুষের জীবন, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে একসূত্রে গেঁথে রেখেছে। নদী বিধৌত এ সভ্যতাকে পর্যটন সম্ভাবনায় রূপ দিতে হবে।'
তিনি বলেন, 'ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং এর সীমান্তবর্তী বাংলাদেশ, ভুটান, নেপাল এবং মায়ানমারের মাঝে আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়নের ক্ষেত্র সম্প্রসারিত করতে নদী, রেল, সড়ক, বিমান ও জনগণের সাথে জনগণের যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ যোগাযোগকে ভিত্তি হতে পারে পর্যটন।'
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা, মিজোরামের মুখ্যমন্ত্রী লালথানওয়ালা, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা প্রমুখ।
দু'দিনব্যাপী এ সম্মেলনে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান ও মায়ানমারের তিনশ' জন প্রতিনিধি অংশ নিচ্ছে। এ আয়োজনে ১০টি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে, এতে এ অঞ্চলের সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচিত হবে।
আগামীকাল শিলং ঘোষণার মধ্যদিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে। ভারতের বিভিন্ন সংস্থার সাথে এ আয়োজনের সহ উদ্যোক্তা আরডিসি ও ফ্রেন্ডস অফ বাংলাদেশ। সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে আরডিসি'র চেয়ারপার্সন প্রফেসর মেজবাহ কামাল বলেন, দু'জন মানুষের ভিন্ন সীমানার হতে পারে, কিন্তু তারা যখন একই নদী শেয়ার করে, তখন সীমানার বাধা বিলীন হয়ে যায়। তাই নদী ছোঁয়া মানে মানব সভ্যতাকে স্পর্শ করা, আর সভ্যতার অগ্রগতিকে সামনের পানে এগিয়ে নিতে হলে নদীকে লালন করতে হবে। খবর- বাসস।
