পাকিস্তানে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার তারিক আহসান প্রেসিডেন্ট মামুনুন হোসেনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয়ে আইয়ান-ই-সদর -এ বাংলাদেশের হাইকমিশনার পৌঁছালে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করে। এসময় বাংলাদেশ ও পাকিস্তানের জাতীয় সংগীত বাজানো হয়।
প্রেজেন্টেশন হলে হাইকমিশনার তার পরিচয়পত্র পাকিস্তান প্রেসিডেন্টের কাছে পেশ করেন। এরপর তিনি প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। হাইকমিশনার পাকিস্তানের প্রেসিডেন্টকে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন।
হাইকমিশনারকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট মামুনুন হোসেন তার মেয়াদকালে দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন। তিনি যে কোন মতভিন্নতা দূরীকরণে দু’দেশের মধ্যে বেশি করে আলাপ-আলোচনার উপর গুরুত্বারোপ করেন।
হাইকমিশনারের পত্নী মাহাজাবীন আহসান, বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মির্জা এজাজুর রহমান ও কাউন্সিলর মো. নাজমুল হুদা হাইকমিশনারের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
