বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ফ্রান্সে বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার ওপর ট্রাক চালিয়ে বহু মানুষের হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বৃহস্পতিবার এক বিবৃতিতে বেগম খালেদা জিয়া এই নিন্দা জানান। বিএনপির চেয়ারপার্সন এধরনের সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ধিক্কার ও নিন্দা জানিয়ে বলেন, 'বিশ্বব্যাপী এই ধরণের নির্মম ও পৈশাচিক হামলা এখনই প্রতিরোধ করতে না পারলে সারাবিশ্বই হুমকির মুখে পড়বে। এধরণের হামলাকারীরা কাপুরুষ, তারা অন্যের স্বাধীন কর্মকাণ্ডকে শ্রদ্ধা করে না। তাই তারা মানুষ হত্যার হিংস্র উল্লাসে মেতে ওঠে।'
'বিশ্বব্যাপী চলমান আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে চূড়ান্ত নির্মূল করতে না পারলে মানুষের সকল অর্জন সন্ত্রাসবাদের ছোবলে নিশ্চিহ্ন হয়ে যাবে' বলেও তিনি বিবৃতি দিয়েছেন। বেগম খালেদা জিয়া এ নৃশংস ঘটনায় প্রকৃত দায়ী ও চক্রান্তকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বেগম খালেদা জিয়া ফ্রান্সে সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন। অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
