ইব্রাহিমোভিচকে ‘মজার লোক’ বললেন মরিনহো

আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১৮:৫৯
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহোর মতে দলে নতুন যোগ দেয়া সুইডিস তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ ‘একজন মজার লোক’।ইংলিশ প্রিমিয়ার লিগের কাবটির সঙ্গে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ায় মরিনহোর সঙ্গে ফের মোলাকাত ঘটতে যাচ্ছে ৩৪ বছর বয়সি ইব্রার।
 
সুইডিস এই তারকাকে অহংকারী বলে মনে করা হলেও মরিনহোর মতে প্যারিস সেন্ট জার্মেইন ছেড়ে আসা বার্সেলোনা ও ইন্টার মিলানের সাবেক এই তারকাকে বুঝতে পারা বেশ মুশকিল। তবে দলভুক্ত হওয়া এই তারকা ফুটবলার প্রসঙ্গে তিনি তিনটি উক্তি করেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জ্লাতান প্রসঙ্গে আমি তিনটি উক্তি করতে চাই। তিনি শিরোপা জয়ী, গোল করায় দক্ষ এবং মজার।’
 
ইউনাইটেড কোচ বলেন, ‘তিনি একজন মজার ব্যক্তি। তবে তার সম্পর্কে বর্ণনা করতে গেলে তাকে আপনার বুঝতে হবে, তার শব্দ চয়ন বিষয়ে ধারণা থাকতে হবে। সেটি যদি না বুঝেন তাহলে তার কথা-বার্তা শুনে তাকে কিছুটা দাম্ভিক মনে হতেই পারে। আসলে তিনি বেশ মজার একজন মানুষ। তাই তার সম্পর্কে আমি বলতে পারি, তিনি একজন বিজয়ী, গোল আদায়কারী এবং মজার ব্যক্তি। তাকে পেয়ে আমি বেশ খুশি, অবশ্য আমার সঙ্গে কাজ করতে সে নিজেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন।’
 
উল্লেখ্য, ২০০৮ ও ০৯ মৌসুমে ইন্টার মিলানে একত্রে কাজ করেছিলেন মরিনহো ও ইব্রাহিমোভিচ। এ সময় তারা সিরিআ লিগ শিরোপা এনে দেন ইতালীয় কাবটিকে।