নিয়ম ভঙ্গ করায় সাবেক কর্মকর্তা ওরাবি মাকুদিকে কমপক্ষে চার বছরের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করেছে ফিফার এথিকস কমিটি। এই নিয়ে তৃতীয়বার তাকে শাস্তির সুপারিশ করলো কমিটি।
সংস্থার নিয়ম ভঙ্গ করার অভিযোগে গত ডিসেম্বরে ৯০ দিনের জন্য অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল থাইল্যান্ড ফুটবল এসোসিয়েশনের (এফএটি) সাবেক সভাপতি এবং ফিফার কার্যনির্বাহী কমিটির সাবেক এই সদস্যের ওপর।
তদন্তে নিষেধাজ্ঞার শর্ত লংঘনের প্রমাণ পাওয়ায় গত ফেব্রুয়ারিতে ৬৪ বছর বয়সী এই কর্মকর্তার শাস্তির মেয়াদ আরো তিন বছর বাড়িয়ে দেয়া হয়। এদিকে শুক্রবার ফিফার নতুন ঘোষণায় বলা হয়েছে যে মাকুদিকে কমপক্ষে চার বছরের জন্য নিষিদ্ধ করার নির্দেশনা দেয়া হয়েছে সেই সঙ্গে ২৫ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়েছে।
তদন্ত রিপোর্টের বিষয়ে ফিফা এথিকস কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ফিফার নিয়ম ভঙ্গ করার অপরাধে মাকুদিকে কমপক্ষে চার বছরের জন্য নিষিদ্ধ এবং ২৫ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করার সুপারিশ করেছে ফিফার এথিকস কমিটি।’
