মসজিদে মসজিদে জঙ্গিবিরোধী খুতবা

আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১৯:৩২
 
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এবার আওয়াজ উঠলো মসজিদ থেকে। শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ বেশির ভাগ মসজিদে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে খুতবা দেয়া হয়েছে। ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না, সন্ত্রাসের কোনো জায়গা ইসলামে নেই এই বিষয়ে বিস্তারিত বয়ান করেন ইমাম-খতিবরা। এ ব্যাপারে দেশের সর্বস্তরের মানুষকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে প্রতিটি মিম্বর থেকে।
 
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের আগে বয়ান করেন মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মহিউদ্দিন কাসেমী। নামাজ শেষে মোনাজাতে দেশের জন্য শান্তি কামনা করে দোয়াও করেন তিনি।
 
মহিউদ্দিন কাসেমী বয়ানে বলেন,অশান্তি সৃষ্টির জন্য সন্ত্রাসী কার্যকলাপ করা হচ্ছে। হামলাকারীরা সংখ্যায় কম, তাদের ভয়ে আমাদের পিছিয়ে থাকা যাবে না। সমাজের সবার সম্মিলতিভাবে এসব অপশক্তির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
 
জাতীয় মসজিদ ছাড়াও রাজধানীর বেশির ভাগ মসজিদে জঙ্গিবিরোধী খুতবা দেয়া হয়েছে। তবে কোনো কোনো মসজিদের খতিব অন্য বিষয়ে আলোচনা করেছেন। আবার কোনো কোনো মসজিদে বয়ানের পর ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো খুতবা পাঠ করে শোনানো হয়েছে।
 
ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল জানান, বায়তুল মোকাররম মসজিদে যে খুতবা পাঠ করা হয়েছে, সেটাই সারাদেশের সব মসজিদে পাঠানো হয়েছে। মসজিদের ইমামরা এই খুতবা হুবহু পাঠ করবেন অথবা এটার অনুসরনে খুতবা পাঠ করতে বলা হয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান ইফাবা ডিজি।
বৃহস্পতিবার সারাদেশের সব মসজিদে দুই পৃষ্ঠার একই খুতবা পাঠায় ইসলামিক ফাউন্ডেশন। জঙ্গিবাদ প্রতিরোধে ইমাম ও মুসল্লিদের সম্পৃক্ত করতেই সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়।
 
প্রসঙ্গত, সমপ্রতি রাজধানীর গুলশান এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। এছাড়াও বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে জঙ্গি হামলা হয়। হামলাকারীদের বেশির ভাগই উচ্চ শিক্ষিত এবং ধনাঢ্য পরিবারের সন্তান। এধরনের হামলা আরও ঘটতে পারে বলে আশঙ্কা করছে সরকার। এ ব্যাপারে দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছে প্রশাসন। এর অংশ হিসেবেই মসজিদ থেকে জঙ্গিবাদবিরোধী বক্তব্যের উদ্যোগ গ্রহণ করা হয়।