আগামী ২০ জুলাই স্বাধীন মাদক নিয়ন্ত্রণ কমিটির মুখোমুখি হবেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তার আইনজীবী প্যাট্রিক ফস্টার একথা জানান। শুনানিতে দোষী প্রমানিত হলে দু’বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন রাসেল।
রাসেলের বিরুদ্ধে মাদক আইন ভঙ্গের অভিযোগ বেশ আগেই উঠেছিলো। এজন্যই একটি স্বাধীন মাদক নিয়ন্ত্রণ কমিটির মুখোমুখি হতে হচ্ছে তাকে। এ ব্যাপারে রাসেলের আইনজীবী ফস্টার বলেন, ‘আগামী বুধবার সকাল ১০টায় রাসেলের শুনানির দিন চূড়ান্ত হয়েছে। শুনানিতে প্রাথমিক বিষয়গুলো বিশ্লেষণ করা হবে। তথ্য প্রমাণ নিয়ে আলোচনা হবে অন্যকোন তারিখে।’
গেল মার্চে জ্যামাইকার মাদক নিয়ন্ত্রন কমিশন বলেছিলো, ‘গত ১২ মাসে তিনবার ডোপিং পরীক্ষা দিতে পারেননি রাসেল। যা ডোপিং আইন অনুযায়ী, পরীক্ষায় ব্যর্থ হবার সমান। বুধবারের শুনানিতে দোষী প্রমাণিত হলে দু’বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি।’
