মিরসরাইয়ে খৈয়াছরা ঝর্ণায় বেড়াতে গিয়ে ২ পর্যটক আহত হয়েছেন। এদের মধ্যে ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা ওয়াসিম আকবরের (৩০) অবস্থা গুরুতর। তাকে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শুক্রবার দুপুরে খৈয়াছরা ঝর্না এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত পর্যটককে বিকেল সাড়ে পাঁচটার দিকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওয়াসিম আকবরের কোমর ভেঙে গেছে বলে জানা যায়। অন্যজনকে প্রাথমিক চিকিত্সা প্রদান করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খৈয়াছরা ঝর্নার সাতটি স্তর। পঞ্চম স্তরে উঠার পর মিরসরাইয়ের স্থানীয় এক পর্যটক পিছলে পড়ে যাওয়ার সময় তাকে ধরতে যায় ওয়াসিম আকবর। ওই পর্যটক সামান্য আঘাতপ্রাপ্ত হলেও ওয়াসিম পাহাড়ের নিচে পড়ে যান। গহীন জঙ্গল হওয়ায় স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও ওয়াসিমকে উদ্ধার করতে পারেনি। পরে সীতাকুন্ডেল সার্কেল এএসপি মাহাবুবুর রহমানের নেতৃত্বে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেলে ওয়াসিমকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে চমেকে পাঠানো হয়।
ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে ৪ কিলোমিটার পূর্বে দূর্গম পাহাড়ী পথ হওয়ায় আহত পর্যটকদের উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়। আহত অপর পর্যটকের নাম পাওয়া যায়নি।
