চট্টগ্রামে কুকুর লেলিয়ে ছাদ থেকে ফেলে কলেজছাত্র হিমাদ্রী মজুমদার হিমুকে হত্যার মামলার রায় আগামী ২৮ জুলাই ঘোষণা করা হবে। শনিবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম যুক্তিতর্ক শুনানি শেষে এই দিন ধার্য করে দেন।
একই দিন মামলার পাঁচ আসামির মধ্যে জামিনে থাকা শাহ সেলিম টিপু ও শাহাদাত হোসেন সাজুর জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
আসামিদের জাহিদুর রহমান শাওন এবং টিপুর ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদ পলাতক। অন্য আসামি মাহবুব আলী ড্যানি কারাগারে রয়েছেন।
২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় টিপুর বাড়ির ছাদ থেকে কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় হিমুকে। ২৬ দিন চিকিত্সা নেওয়ার পর ২৩ মে তার মৃত্যু হয়। হিমুর মামার শ্রীপ্রকাশ দাশ বাদী হয়ে পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ২০১২ সালের ৩০ অক্টোবর পুলিশ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।
২০১৪ সালের বছরের ৩ ফেব্রুয়ারি পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
