বানারীপাড়া থেকে দীর্ঘদিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া সেই ৫ তরুণের মধ্যে সুব্রত কর্মকার শুভ কলকাতায় রয়েছেন। ২০১৫ সালের ২২ ডিসেম্বর বানারীপাড়া পৌর শহরের স্বর্ণ ব্যবসায়ী বাবুল কর্মকারের ছেলে সুব্রত কর্মকার (২৪) নিখোঁজ হন। তার বাবা বাবুল কর্মকার ছেলে নিখোঁজ হওয়ার বিষয়ে তার সন্ধান চেয়ে ওই সময় বানারীপাড়া থানায় সাধারণ ডায়েরি করেন।
বৃহস্পতিবার ইত্তেফাকে ‘বানারীপাড়ার ৫ তরুণ দীর্ঘদিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ’ হওয়ার খবর প্রকাশিত হলে প্রশাসন ও এলাকায় তোলপাড় শুরু হয়। পরে স্বর্ণ ব্যবসায়ী বাবুল কর্মকার থানার ওসি ও স্থানীয় সাংবাদিকদের জানান, তার ছেলে সুব্রত কর্মকার শুভ বড় ভাই সঞ্জিব কর্মকারের সঙ্গে ঝগড়া করে অভিমানে বাড়ি থেকে পালিয়ে ভারতে চলে যায়।
তিনি আরও জানান, শুভ বর্তমানে কলকাতায় তার মামা কিশোর কর্মকারের জুয়েলারির কারখানায় গহণা তৈরির কাজ শিখছেন। ছেলেকে খুঁজে পাওয়া গেছে বিষয়টি তিনি থানা পুলিশকে লিখিতভাবেও জানিয়েছেন। এদিকে শুভ শনিবার দুপুরে কলকাতা থেকে মুঠোফোনে বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনকে জানান, তিনি তার মামার জুয়েলারির কারখানায় কাজ শিখে তারপর বাংলাদেশে ফিরে এসে বাবার জুয়েলারির ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করবেন।
সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর বানারীপাড়ার নিখোঁজ ৫ তরণ সুব্রত কর্মকার শুভ, হৃদয় আহম্মেদ, মনির হোসেন, মাহে আলম ও শাকিলের খোঁজে তৎপর হয়ে ওঠে থানা পুলিশ। তাদের সন্ধানে দেশব্যাপী বেতার বার্তা পাঠানো হয়।
