২১ বছর পর স্বজনকে খুঁজে পেল পরিবার

আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১৫:৪৫
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ফালাল উদ্দিন খান (৬২) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে দীর্ঘ ২১ বছর পর খুঁজে পেল তার পরিবারের লোকজন।
 
শনিবার দুপুরে ভারসাম্যহীন ওই ব্যক্তির ছোট ভাই জাকির হোসেন খান বাবুল কেন্দুয়া থানা পুলিশের কাছ থেকে তার ভাইকে বাড়িতে নিয়ে যান। ফালাল উদ্দিন গাজীপুরেরর কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের বাসিন্দা।
 
জাকির হোসেন খান বাবুল সাংবাদিকদের বলেন, ‘১৯৭৭ সালে আমার বড় ভাই ফালাল উদ্দিন খান টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর তিনি বাড়িতেই থাকতেন। ১৯৯৫ সালে হঠাৎ একদিন তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। তারপর চার/পাঁচ বছর আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করেছি। ভাইকে না পেয়ে আমরা ভেবে নিয়েছিলাম তিনি হয়তো মারা গেছেন। দীর্ঘ ২১ বছর পর আবার তাকে খুঁজে পাব তা কখনো ভাবিনি। কিন্তু আল্লাহর অশেষ রহমতে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সহযোগিতায় আমার ভাইকে খুঁজে পেয়েছি। এতে আমরা অত্যন্ত আনন্দিত। এ আনন্দের কথা ভাষায় প্রকাশ করতে পারব না।’
 
২১ বছর পর বাড়িতে ফিরছেন, কেমন লাগছে? জানতে চাইলে- ফালাল উদ্দিন খান বলেন, ‘আমি বাড়িতে যাইতাছি। খুব খুশি হইছি। খুব খুশি হইছি।’
 
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, সম্প্রতি উপজেলার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণে ভারসাম্যহীন ফালাল উদ্দিন খান আশ্রয় নেন। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের কাছে রহস্যজনক মনে হলে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ তাকে থানায় নিয়ে যায়। পরে তার সঙ্গে কথা বলে অনেক খোঁজ খবর নিয়ে তার পরিবারকে বিষয়টি জানানো হয়।