সামরিক অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাওয়ার পর তুরস্কে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। গ্রেফতারের তালিকায় অনেক উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা রয়েছেন বলে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, অভ্যুত্থান ষড়যন্ত্রে জড়িত সন্দেহে এখন পর্যন্ত দুই হাজার ৮৩৯ জন সৈন্যকে গ্রেফতার করা হয়েছে।
এই অভ্যুত্থান চেষ্টাকে 'তুরস্কের গণতন্ত্রে কালো দাগ' হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এখন পর্যন্ত ১৬১ জন নিহত ও এক হাজার ৪৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
IMG0
শুক্রবার রাতে তুর্কি সেনাবাহিনীর একটি অংশ সরকারকে উৎখাত করার চেষ্টা শুরু করে। অভ্যুত্থানকারীরা রাজধানী আঙ্কারা ও দেশের বৃহত্তম শহর ইস্তাম্বুলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও ও আন্তর্জাতিক বিমানবন্দরের দখল নিয়ে নেয়। এসময় আকাশে বেশ কিছু জঙ্গি বিমান খুব নিচু দিয়ে উচ্চ গতিতে টহল দিতে দেখা যায়। তারা রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল দখলে নিয়ে সামরিক শাসন জারি করার ঘোষণা দেন।
তবে প্রেসিডেন্ট রেসিপ তাইয়েপ এরদোগান ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে ভিডিও কলের মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান। এর কিছু পরই পরিস্থিতি নাটকীয় মোড় নিতে শুরু করে। বহু মানুষ অভ্যুত্থান চেষ্টার বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন। কিছু পরে বিভিন্ন স্থান থেকে অভ্যুত্থানকারীদের আত্মসমর্পণ করার খবর পাওয়া যায়।
