বার্সার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন ফুটবলাররা

আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১৮:৩৪
অনেক ফুটবলারেরই স্বপ্ন থাকে বার্সেলোনার হয়ে খেলার। তাই প্রস্তাবের জন্য মুখিয়ে থাকে প্রায় সবাই। কিন্তু দলের টেকনিক্যাল ডিরেক্টর রবার্তো ফার্নান্দেজ এবার অন্য কথা শোনালেন।
 
তিনি জানান, স্পেনের সেরা দলটিতে যোগ দেওয়ার প্রস্তাব নাকি ফিরিয়ে দিচ্ছে অনেকেই। বিশ্বসেরাদের নিয়ে গড়া বার্সেলোনা দল অনেক বেশি সমৃদ্ধ হওয়াটাই এর কারণ বলে মনে করেন ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টর।
 
এবারের দল বদলের বাজারে এ পর্যন্ত মোট তিনজনের সঙ্গে চুক্তি করেছে বার্সেলোনা। ফ্রান্সের দুই ডিফেন্ডার লুকা দিনিয়ে ও সামুয়েল উমতিতিকে কেনার পাশাপাশি ভিয়ারিয়াল থেকে বাই-ব্যাক ক্লজে আক্রমণাত্মক মিডফিল্ডার দেনিস সুয়ারেসকে দলে ভিড়িয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
 
ফার্নান্দেজ জানান, নতুন মৌসুম সামনে রেখে আরও কয়েকজন খেলোয়াড়কে কেনার প্রস্তাব দিয়েছিল তারা; কিন্তু ওই সব খেলোয়াড় তা ফিরিয়ে দেয়। ‘আমাদের এত ভালো একটা দল আছে যে খেলোয়াড়দের কেনা কঠিন হয়ে গেছে। মেধাবী খেলোয়াড়দের নিয়ে গড়া আমাদের দলটা শীর্ষ মানের।’
 
আরও নির্দিষ্ট করে লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমারে গড়া দলের আক্রমণভাগের কথা উল্লেখ করেন ফের্নান্দেস। আক্রমণভাগে যে তিনজন আছে, এই অবস্থায় অন্য খেলোয়াড়দের এখানে আসতে রাজি করানোটা খুবই কঠিন বলে মনে করেন তিনি।