তুরস্কে বাংলাদেশিদের সতর্ক চলাচলের পরামর্শ

আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১৮:৩৭
তুরস্কে সেনা অভ্যুত্থানের পর উদ্ভুত পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের চলাচল নিয়ন্ত্রণের পরামর্শ দেয়া হয়েছে।
 
শুক্রবারের ওই অভ্যুত্থান চেষ্টায় দেড় শতাধিক মানুষের প্রাণহানির খবর গণমাধ্যমে এলেও সেখানকার বাংলাদেশিরা নিরাপদ আছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।   
 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তুরস্কে ১৫ জুলাই থেকে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের চলাচল নিয়ন্ত্রণ এবং জন সমাগম রয়েছে, এমন স্থান এড়িয়ে চলার পরামর্শ দেয়া হচ্ছে। এখন পর্যন্ত তুরস্কে বাংলাদেশিরা নিরাপদে আছেন।’
 
যে কোনো প্রয়োজনে বাংলাদেশিদের অঙ্কারায় বাংলাদেশ দূতাবাস অথবা ইস্তাম্বুলের কনস্যুলেট জেনারেলের কার্যালয়ে যোগাযোগে জন তিনটি ফোন নম্বরও বিজ্ঞপ্তিতে।
 
ফোন নম্বরগুলো হচ্ছে- +905307635911,  +905316801190,  +905063643173।
 
নেটো জোটভুক্ত দেশটির সেনাবাহিনীর একটি দল শুক্রবার বিকালে অভ্যুত্থান ঘটিয়ে দেশের শাসনভার নেয়ার দাবি করে, যা দেশটির টেলিভিশনে প্রচার করা হয়।
 
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, রাজধানী আঙ্কারা এবং দেশটির বৃহত্তম শহর ইস্তানবুলে ট্যাংক নামে, পথে পথে পাহারায় বসেন সেনা সদস্যরা। সরকারি বিভিন্ন ভবনের নিয়ন্ত্রণও নেন তারা।
 
দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান অবকাশ থেকে ফিরে শনিবার প্রথম প্রহরে ইস্তাম্বুল বিমানবন্দরে এক ভাষণে বলেন, অভ্যুত্থানচেষ্টাকারীরা রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।