জিকা ভাইরাসের কারণে রিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন উইম্বলডন রানার-আপ মিলোস রাওনিক ও বিশ্বের পাঁচ নম্বর টেনিস তারকা সিমোনা হালেপ।
বিশ্বের সাত নম্বর কানাডিয়ান খেলোয়াড় রাওনিক উইম্বলডনের ফাইনালের এন্ডি মারের কাছে পরাজিত হবার পরে রিওতে না খেলার সিদ্ধান্ত জানিয়েছেন।
এ সম্পর্কে রাওনিক বলেছেন, অত্যন্ত দুঃখের সাথে আমি জানাচ্ছি যে, রিও অলিম্পিকে আমি খেলতে পারছি না। পরিবার ও কোচের সাথে বিস্তারিত আলোচনার পরেই আমি স্বাস্থ্যগত বিষয়টি বিবেচনা করে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। এটা একান্তই আমার নিজস্ব সিদ্ধান্ত, এ জন্য আমি গেমসে অংশগ্রহণকারী অন্য এ্যাথলেটদের ওপর কোন প্রভাব বিস্তার করতে চাই না।
অন্যদিকে ২০১৪ সালের ফ্রেঞ্চ ওপেন রানার-আপ রোমানিয়ান হালেপ বলেছেন, জিকা ভাইরাস নিয়ে তিনি দারুণ চিন্তিত। টেনিস থেকে অবসরের পরে নিজের পরিবারকে তিনি আশাহত করতে চান না বলেই জিকা ভাইরাস নিয়ে নিজের চিন্তিত হবার বিষয়টি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন।
আন্তর্জাতিক টেনিস ফেডারেশন অলিম্পিকের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করার পরেই ২৪ বছর বয়সী হালেপ নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এজন্য অবশ্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। তার মতে, আমার কাছে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের সাথে আলোচনা করে আমি কোন ধরনের ঝুঁকি নিতে চাইনি।
এর আগে অলিম্পিক থেকে বিভিন্ন কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের জন ইসনার, অস্ট্রিয়ার ডোমিনিক থেইম, অস্ট্রেলিয়ান জুটি বার্নার্ড টমিচ ও নিক কিরগিওস, স্প্যানিশ অভিজ্ঞ ফেলিসিয়ানো লোপেজ। বিবিসি
