'জঙ্গিবাদ দমনে সামাজিক বিপ্লব গড়ে তুলতে হবে'

আপডেট : ১৬ জুলাই ২০১৬, ২১:২৮
খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম জঙ্গিবাদ দমনে সামাজিক বিপ্লব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
 
জঙ্গিবাদ দমন করতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আসুন জঙ্গিবাদের বিরুদ্ধে পাড়া, মহল্লায় সামাজিক ভাবে, পারিবারিক ভাবে আন্দোলন গড়ে তুলি। যদি সামাজিক ভাবে আন্দোলন গড়ে তুলতে পারি, আমরা যদি সচেতন হই, তাহলে জঙ্গিবাদ প্রতিরোধে আমরা সফল হবোই।'
 
কামরুল ইসলাম শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, ওয়ার্ড, ইউনিয়নে জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠনের প্রস্তুতি উপলক্ষে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।
 
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে নগর আওয়ামী লীগ নেতা ফয়েজ উদ্দিন মিয়া, ডা. দিলীপ কুমার রায়, আব্দুল হক সবুজ প্রমুখ বক্তব্য রাখেন। কামরুল ইসলাম বলেন, 'গুলশানে হামলার মধ্য দিয়ে বাংলাদেশে জঙ্গিবাদের নতুন মাত্র যোগ হয়েছ। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি মহল দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি নষ্ট করার জন্য এই নতুন ষড়যন্ত্র।'
 
তিনি বলেন, 'কঠোর হাতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করা হবে। ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। তাদের এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।'
 
বর্ধিত সভায় শাহে আলম মুরাদ আগামী সাত দিনের মধ্যে মহানগরীর সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়নে জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠন করতে নেতৃবৃন্দর প্রতি আহবান জানিয়ে বলেন, কমিটি শুধু আওয়ামী লীগ নেতাদের নিয়ে গঠন করবেন না। স্থানীয় সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই কমিটি গঠন করবেন।