ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন লিস্টার সিটি থেকে শনিবার চেলসিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রেঞ্চ ডিফেন্সিভ মিডফিল্ডার এন’গোলো কান্তে। গণমাধ্যমের রিপোর্টের সূত্র ধরে জানা গেছে ৩২ মিলিয়ন পাউন্ডের (৩৮ মিলিয়ন ইউরো, ৪২ মিলিয়ন ডলার) বিনিময়ে লিস্টার থেকে চেলসিতে যোগ দিয়েছেন ২৫ বছর বয়সী কান্তে। মার্সেই থেকে মিচি বাটশুয়াইকে দলে ভেড়ানোর পরে এটাই চেলসির দ্বিতীয় বড় চুক্তি। কান্তের এই দলবদলকে দারুণভাবে স্বাগত জানিয়েছেন এবারের লীগে চেলসির নতুন কোচ এন্টোনিও কন্টে।
কন্টের অধীনে প্রাক মৌসুম প্রথম ম্যাচে কাল র্যাপিড ভিয়েনার কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে চেলসি। ম্যাচের পরে কন্টে বলেছেন, 'আমি একটি কথাই বলবো যে কান্তের দিকে আমার আগে থেকেই নজর ছিল, একারণেই আমি দারুণ খুশী। সে একজন চমৎকার খেলোয়াড়। তার টেকনিক, স্ট্যামিনা দুর্দান্ত। এই ধরনের খেলোয়াড় আমি খুব পছন্দ করি। একটি দলকে জেতাতে হলে এই ধরনের খেলোয়াড়ের প্রয়োজন রয়েছে। সব মিলিয়ে আমরা দলের উন্নতিতে একযোগে কাজ করবো। আমাদের সামনে এর বিকল্প নেই। তবে আবেগ নয় নিজেদের লক্ষ্য পূরণেই এখন সচেষ্ট হতে হবে।'
অস্ট্রিয়ান রাজধানীতে প্রাক মৌসুম প্রীতি ম্যাচে শনিবার কন্টে অভিজ্ঞ জন টেরিকে অধিনায়ক করেই মূল একাদশ সাজিয়েছিলেন। এ ছাড়া ইতালিয়ান এই কোচের অধীনে মূল দলে নিজেদের স্থান ধরে রেখেছেন দিয়েগো কস্তা, নেমানজা মাটিচ, উইলিয়ান, ব্রানিস্লাভ ইভানোভিচ। কিন্তু ম্যাচ শুরুর মাত্র আট মিনিটের মধ্যে ব্রাজিলিয়ান তরুণ জোয়েলিনটন গোল করলে ইংলিশ জায়ান্টরা পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে চেলসি একাডেমী খেলোয়াড় ওলা আইনা পোস্টে বল না লাগালে তখনই সমতা আসতে পারতো। কিন্তু ৮২ মিনিটে টমি কোরেয়ার গোলে ব্যবধান দ্বিগুণ হলে র্যাপিডের জয় নিশ্চিত হয়।
ম্যাচ শেষে কন্টে বলেছেন, এটা আমাদের প্রথম ম্যাচ। কিন্তু আমি জানি মাত্র তিনদিনে দুইবেলা অনুশীলন করার পরে ম্যাচ খেলাটা কঠিন। তবে এই ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। পরাজয় আমি কখনই পছন্দ করিনা, আমি নিশ্চিত আমার খেলোয়াড়রাও করে না। বাসস।
